মৌলভীবাজারের কুলাউড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘দক্ষ যুবক গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক বদরুল হোসেন খান, কুলাউড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক ময়নুল হক পবন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আক্কাছ আলী ও কম্পিউটার অপারেটর প্রবির চন্দ্র সরকার।
এর আগে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু যুব উদ্যোক্তা মইনুল ইসলামের হাতে ৫ লাখ টাকার চেক এবং তিনটি যুব সংগঠনের মধ্যে সনদপত্র বিতরণ করেন।