“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল যুব সংগঠন ও আত্মকর্মীদের সম্মাননা প্রদান করা হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুনন্দা রায় বলেন, যুব সমাজকে দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন ধরনের ঋণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। জৈন্তাপুরে সাড়ে পাঁচ মাসের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, এ উপজেলার যুবকেরা অত্যন্ত কর্মঠ, দক্ষ এবং উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আগ্রহী। তাদের প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, এগিয়ে যাওয়ার সুযোগ ও প্রয়োজনীয় সহযোগিতা।
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজ নিজ দপ্তরের কর্মসূচিতে স্থানীয় যুবকদের সম্পৃক্ত করতে হবে। এতে তারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি দেশ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
যুবকদের উদ্দেশে ইউএনও বলেন, অলস সময় কাটানো থেকে বিরত থেকে পরিশ্রম, সৃজনশীলতা ও সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি যুবকদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার দাস, উপজেলা যুবদলের সদস্যসচিব সোহেল আহমেদ, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, উপজেলা কৃষক দলের সদস্যসচিব আল মামুন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব সংগঠকরা।
যুব সংগঠকদের মধ্যে বক্তব্য দেন শামীম আহমেদ ও ফারুক আহমেদ। এ ছাড়া সফল আত্মকর্মী সালমান শাহ ও সাইফুর রহমান এবং সফল খামারি মোহাম্মদ শামসুদ্দিন তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে স্থানীয় সফল যুব সংগঠনগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি সফল আত্মকর্মীদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।