সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ মডেল থানায় ওসি ছবেদ আলীর আমন্ত্রণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ওসি ছবেদ আলী বলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন একটি নির্বাচন গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ। এ নির্বাচন গোলাপগঞ্জের সাংবাদিকতার ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।
তিনি আরও বলেন, গোলাপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় অপরাধ, মাদক, সামাজিক সমস্যা কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয় সাংবাদিকদের নজরে এলে তা পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।
পাশাপাশি সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন ওসি।
মতবিনিময় সভায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানানোর জন্য ওসি ছবেদ আলীকে ধন্যবাদ জানান। তারা বলেন, সাংবাদিক ও প্রশাসনের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদানের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা সহজ হয়।
গোলাপগঞ্জের মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান খান, সহসভাপতি মো. বদরুল আলম, সহসাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, প্রকাশনা বিষয়ক সম্পাদক সাকেল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিল হোসেন, কার্যনির্বাহী সদস্য বাবর জোয়ারদার, মাহদি রহমান ও আব্দুল জলিল এবং গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন মিত্র।