বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকেরা অংশ নেন।
র্যালি শেষে বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্রনাথ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, সুস্থ ও রোগমুক্ত থাকতে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই এ বিষয়ে সচেতন করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়। পরে তাদের মধ্যে সাবান বিতরণ করা হয়।