মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই সীমান্তে অবস্থিত হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী, দলই বিওপির ইনচার্জ সুবেদার আক্কাস আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
১৯৭১ সালের ২৮ অক্টোবর কমলগঞ্জ সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন হামিদুর রহমান। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।
১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন হামিদুর রহমান। তাঁর বাবার নাম আক্কাস আলী মণ্ডল এবং মায়ের নাম কায়মুন্নেসা।
মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া সিপাহি হামিদুর রহমান সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বকনিষ্ঠ। দেশের স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।