সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের নিয়ে ফলো-আপ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০ জন মহিলা স্বেচ্ছাসেবক অংশ নেন। কর্মশালায় গর্ভবতী মা, স্তন্যদানকারী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট’ (ইরা) আয়োজিত ‘স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে পারস্পরিক শিক্ষা’ প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়। এতে অর্থায়ন করে ‘নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কো-অপারেশন’ (নোরেক)।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরা, সুনামগঞ্জের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মো. ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাসিবুল নাসিম সোহান।
এ ছাড়া প্রকল্পের আওতায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করে দেশে ফেরা মেডিকেল অফিসার ডা. তানিয়া আক্তার এবং ইরা, সুনামগঞ্জের জনস্বাস্থ্য কর্মকর্তা সাফিনা তুস সাবিহা কর্মশালায় উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্বাস্থ্য ও পুষ্টি খাতে বাংলাদেশ ও নেপালের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন সাধন এ প্রকল্পের মূল উদ্দেশ্য। এর অংশ হিসেবে মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক সুহেনা আক্তার বলেন, ‘আমরা আজ অনেক কিছু শিখেছি। এ ধরনের কর্মশালার আয়োজন করার জন্য আমরা ইরা সংস্থাকে ধন্যবাদ জানাই।’