সিলেট মহানগরীর বিমানবন্দর থানা পুলিশের অভিযানে বালুভর্তি ট্রাকে বিশেষ কৌশলে লুকানো প্রায় পৌনে দশ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে বিমানবন্দর থানাধীন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে পাকা রাস্তায় পরিচালিত নিয়মিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক পৌনে ৬টার দিকে এসআই মো. নূর শাহীনের নেতৃত্বে পুলিশের একটি টিম অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরমুখী একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২০-২১২৫) থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করে। পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে উপরে থাকা বালুর নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— ১০ বস্তা ভারতীয় ‘কেএস গোল্ড’ জিরা, ৩৫ বস্তা ‘হাইড অ্যান্ড সিক ব্ল্যাক বোরবন’ বিস্কুট, ১১ বস্তা ‘আমুল কুল’ কেশর জুস, ৮ বস্তা ‘জাইকো’ ফুচকা এবং ২ বস্তা ‘পিনকো’ ফুচকা। উদ্ধারকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা। একই সাথে চোরাচালানে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালি গ্রামের মো. বদর উদ্দিনের ছেলে মো. শামীম হোসেন (২৮) এবং একই গ্রামের মো. ছব্দুল তরফদারের ছেলে সামিম তরফদার (২৯)।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানা পুলিশ জানায়, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় থানায় একটি মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।