শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে যুবদলের বিক্ষোভ, শেখ হাসিনার বিচারের দাবি মুন্নার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন এবং গত ১৭ বছরের কথিত গণহত্যার পাশাপাশি সিলেটের কৃতী সন্তান ইলিয়াস আলীসহ রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুনের ঘটনায় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুন্না বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। তাঁর দাবি, আওয়ামী লীগের সাবেক সরকারের অনুসারী ও বিভিন্ন ‘অপশক্তি’ পরিকল্পিত কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘৭১ ও ২৪-এর পরাজিত শক্তি’ দেশের কল্যাণ চায় না বলেও মন্তব্য করেন তিনি। দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের সরকারের হাত শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

▐ এই সম্পর্কিত আরো