সিলেট নগরীর বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙন সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মীরেরচক এলাকায় নদীভাঙনকবলিত স্থান পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
পরিদর্শনকালে এলাকাবাসী সিসিক প্রশাসককে ভাঙনকবলিত বিভিন্ন পয়েন্ট ঘুরিয়ে দেখান। তারা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নদীগর্ভে বিলীন হয়ে অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়বে। জনগণের জানমালের নিরাপত্তায় তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে আমরা একটি সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছি। ৪ হাজার ৬৩৫ কোটি টাকার এই প্রকল্পের আওতায় শহররক্ষা বাঁধ নির্মাণসহ নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসনে আধুনিক প্রযুক্তি ও টেকসই পদ্ধতি ব্যবহার করা হবে। শুধু সাময়িক সমাধান নয়, আমরা দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে চাই।
তিনি আরও জানান, বর্তমানে ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও ড্রেনসহ অবকাঠামো উন্নয়নে প্রায় ১৫ কোটি টাকার কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে মীরেরচকসহ নগরীর সকল অনুন্নত এলাকাকে উন্নয়নের আওতায় আনা হবে।
মীরেরচকে মানসম্মত সড়ক নির্মাণের বিষয়ে প্রশাসক এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন, পরিকল্পিত ও প্রশস্ত সড়ক নির্মাণের জন্য সড়কের উভয় পাশে বসবাসকারী ও ভূমির মালিকদের জনস্বার্থে কিছু জায়গা ছেড়ে দিতে হবে। সড়ক যোগাযোগ উন্নত হলে এলাকার চিত্র বদলে যাবে এবং ভূমির মূল্যও বৃদ্ধি পাবে। তাই বৃহত্তর স্বার্থে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।
পরিদর্শন শেষে সিসিক প্রশাসক মীরেরচক এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এর আগে তিনি জামেয়া আ'লীমুস সুন্নাহ মাদ্রাসা এবং মুরাদপুর এলাকায় চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।