সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও রিংজাল দিয়ে মাছ শিকারের দায়ে চার মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ৪৯টি চায়না দুয়ারী ও রিংজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদরপুর এলাকার নাগডরা হাওরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাওরে অবৈধ রিংজাল ও চায়না দুয়ারী দিয়ে দেশীয় প্রজাতির মাছের বংশ ধ্বংসের অভিযোগে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় চার মৎস্যজীবীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
অভিযানকালে জব্দ করা ৪৯টি চায়না দুয়ারী ও রিংজাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে শান্তিগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।