বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে বিএনপির ওয়ার্ড কমিটির সদস্যদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নবগঠিত ৩ নম্বর ওয়ার্ড কমিটির সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০ সদস্যের বিরুদ্ধে উপজেলা বিএনপির আহ্বায়কের কাছে অভিযোগ দেওয়ার অভিযোগ উঠেছে।

কমিটিতে পদ-পদবি না পাওয়া কয়েকজন ব্যক্তি এ অপতৎপরতার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন নবগঠিত কমিটির নেতারা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নবগঠিত কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, কমিটি থেকে অব্যাহতি চেয়ে দেওয়া একটি আবেদনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েকজন সদস্যের স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। কিন্তু যাদের স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, তাদের অনেকেই এমন কোনো আবেদন করেননি বলে দাবি করেছেন।

কমিটির নেতাদের অভিযোগ, দলের কার্যক্রম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে স্বার্থান্বেষী একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত ১৬ আগস্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটি থেকে কয়েকজন সদস্য অব্যাহতি নিয়েছেন—এমন দাবি করে একটি আবেদন ছড়িয়ে পড়ে। ওই আবেদনে নবগঠিত কমিটির একাধিক সদস্যের স্বাক্ষর রয়েছে বলে দেখানো হয়। বিষয়টি নজরে আসার পর কমিটির পক্ষ থেকে স্বাক্ষরগুলোর সত্যতা যাচাই করা হয়। তাদের দাবি, আবেদনটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

নবগঠিত কমিটির একাধিক সদস্য বলেন, বিএনপির ৩ নম্বর ওয়ার্ড কমিটির মধ্যে অস্থিরতা সৃষ্টি এবং নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে স্বার্থান্বেষী মহল এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। জাল স্বাক্ষর ব্যবহার করে অভিযোগ দেওয়ার বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলেও মন্তব্য করেন তারা।

তারা আরও বলেন, এ ধরনের ঘটনায় শুধু দলের অভ্যন্তরীণ শৃঙ্খলাই ক্ষতিগ্রস্ত হয় না, রাজনৈতিক কর্মকাণ্ড ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়ে।

কমিটির পক্ষ থেকে জালিয়াতি ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য বিশ্বাস না করতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে নবগঠিত কমিটি।

এই সম্পর্কিত আরো