সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাংক লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অটোরিকশাচালক, এক নারী, এক শিশু ও এক পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা ওয়েল কোম্পানির একটি তেলবাহী ট্যাংক লরি (ঢাকা মেট্রো-ঢ-৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে (মৌলভীবাজার-থ-১১-৮৩৫৩) চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক, শিশুসহ সাতজন গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প চারজন নিহত ও তিনজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হন। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
পরে আহত ১৬ জনকে হাসপাতালে নেওয়া হলে ফাইজা আক্তার নামে এক শিশুকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সপ্তম রায় প্রীতমসহ আরও তিনজন মারা যান। সব মিলিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।
এর এক সপ্তাহের মাথায় একই মহাসড়কে আবারও চারজনের প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।