২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ। এবারও প্রতিষ্ঠানটি জেলার অন্যতম সেরা ফলাফল অর্জন করেছে।
এবার প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ৯২ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশ নেওয়া ৯১ জনের মধ্যে ৮৮ জন উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৬ দশমিক ৭০ শতাংশ।
ফলাফলে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া এ গ্রেড পেয়েছে ৩৫ জন, এ-মাইনাস ১৬ জন, বি গ্রেড ২০ জন এবং সি গ্রেড পেয়েছে ১২ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে তিনজন অকৃতকার্য হয়েছে।
প্রতিষ্ঠানটির কৃতিত্বপূর্ণ ফলাফলে ছাতক উপজেলার শিক্ষাঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।
সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এই ফলাফলের জন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির এ সাফল্যে ছাতকজুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।