সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খাগাউড়া গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙন ও কাদার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়েছে।
খাগাউড়া গ্রামের মানুষের চলাচলের অন্যতম প্রধান এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের নাজুক অবস্থার কারণে যানবাহন চলাচল প্রায়ই ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ সেবামূলক যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে রোগী পরিবহন নিয়ে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষার পানিতে বিভিন্ন স্থানে কাদা জমে যাওয়ায় পায়ে হেঁটেও চলাচল কঠিন হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
খাগাউড়া গ্রামের ব্যবসায়ী মাহমুদ মিয়া ও সমাজসেবক এনামুল হক এনাম বলেন, ‘গ্রামের মানুষের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা অত্যন্ত ভয়াবহ। প্রতিদিন শত শত মানুষ দুর্ভোগ নিয়ে চলাচল করছেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারে সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সোহরাব হোসেন বলেন, ‘সড়কটি দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।