মৌলভীবাজারের কমলগঞ্জে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ভূমি অধিকার নিশ্চিত করা এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা চৌমুহনা চত্বরে চা বাগানের সচেতন ছাত্র-যুবকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
চা ছাত্র-যুব পরিষদ নেতা মোহন রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সুমন রবিদাস, রাজিব বৈদ্য, সন্তোষ রবিদাস, সারথী মুরারী দাসসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে বর্তমান মজুরি দিয়ে চা-শ্রমিকদের পরিবার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয় বাড়লেও সে অনুযায়ী মজুরি বৃদ্ধি না পাওয়ায় শ্রমিকরা নানা সংকটে রয়েছেন।
তারা চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ৫ শতাংশ ইনক্রিমেন্ট সংক্রান্ত অযৌক্তিক গেজেট বাতিল, চা-শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন আয়োজন করতে হবে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।