সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। চলতি বছরের জুনের তুলনায় জুলাই মাসে সড়কে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে বিভাগের চার জেলায় ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭৫ জন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার (৮ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে নিহতদের মধ্যে ১৩ জনই ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সিলেট জেলায় সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ জেলায় ১৫টি দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৪ জন আহত, মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত এবং হবিগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।
নিসচার প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণের ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই মাসে ৯টি দুর্ঘটনায় ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৬টি দুর্ঘটনায় ৬ জন সিএনজি ও টমটম চালক-আরোহী, ৮টি দুর্ঘটনায় ৯ জন চালক এবং ৬টি দুর্ঘটনায় ৬ জন পথচারী নিহত হয়েছেন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৭টি দুর্ঘটনায় ৮ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
নিহত ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম, দুটি জাতীয় দৈনিক, অনুমেয় অনুজ্জ্বল বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচার বিভিন্ন শাখার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছিলেন।