সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় পরিষদের প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান, ট্যাক্স আদায় এবং চলমান উন্নয়ন কাজের বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও ইউনিয়ন পরিষদ ভবনের মেরামত ও নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় তিনি সরকারের দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড কার্যক্রমের জরিপ বিষয়ে গুরুত্বারোপ করেন। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের ওপর জোর দেন তিনি।
ইউএনও মো. মহি উদ্দিন বলেন, জরিপ কার্যক্রমে সাধারণ মানুষের কাছ থেকে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে। এ বিষয়ে ওয়ার্ড পর্যায়ের জনপ্রতিনিধিদের জনগণকে সচেতন করার পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রণব লাল দাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিন, নবযোগদানকৃত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বকুল মালাকার, ইউপি সদস্য মো. হোসাইন আহমদ লনি, মো. হেলাল আহমদ, মো. শায়েস্তা হোসেন, মো. মিজানুর রহমান, মো. আলমগীর কবির, মো. সুরেতাজ মিয়া, মো. সামছুল হক, মো. ইয়াহিয়া, সংরক্ষিত ইউপি সদস্য মোছা. ছালেহা বেগম, মোছা. ইয়াছমিন আক্তার ও পূর্ণিমা রানী দে।
এছাড়াও উপস্থিত ছিলেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তন্ময় দাস, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. সুজেল মিয়া, গ্রাম পুলিশ, দফাদার, মহল্লাদার ও বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকরা।