মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪ নম্বর শমশেরনগর ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন চেয়ারম্যান না থাকায় নাগরিক সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার মেয়াদ শেষ হওয়ার পর গত ৯ জুলাই থেকে নতুন করে কাউকে দায়িত্ব না দেওয়ায় জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদানসহ গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের হাজারো বাসিন্দা।
সরেজমিনে দেখা যায়, জন্মনিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রার আইডি সক্রিয় না থাকায় নতুন জন্মনিবন্ধন, সংশোধন, মৃত্যু নিবন্ধন ও অন্যান্য নাগরিক সেবা কার্যত বন্ধ রয়েছে। প্রতিদিন শত শত মানুষ ইউনিয়ন পরিষদে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা কবির আহমেদ ও আলমগীর হোসেন জানান, সপ্তাহের পর সপ্তাহ ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ থাকলেও সমস্যার সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, প্রবাসগামী, বয়স্ক ভাতাভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে চরম দুর্ভোগে পড়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, চেয়ারম্যান বা দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা না থাকায় পুরো ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তারা অবিলম্বে একজন দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ অথবা চেয়ারম্যানের দায়িত্ব নিশ্চিত করে নাগরিক সেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। পাশাপাশি জন্মনিবন্ধনের রেজিস্ট্রার আইডি দ্রুত সচল করারও আহ্বান জানান তারা।
জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের আইন-১ শাখার ৫ জুলাই ২০২৬ তারিখের এক আদেশ অনুযায়ী, চেয়ারম্যান জুয়েল আহমদ দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব ২০২৫ সালের ১ জুন উপজেলা আইসিটি কর্মকর্তার ওপর অর্পণ করা হয়েছিল।
পরে চেয়ারম্যান জুয়েল আহমদ ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন (নং-৩২৯৫/২০২৬) দায়ের করেন। শুনানি শেষে হাইকোর্ট গত ২৭ এপ্রিল প্রশাসক নিয়োগসংক্রান্ত আদেশের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। এর ফলে প্রশাসনিক দায়িত্ব নিয়ে জটিলতা সৃষ্টি হয়।
এ বিষয়ে চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, তাঁর চেয়ারম্যান পদ বহাল রয়েছে। দীর্ঘ সাত মাস কারাভোগের পর দায়িত্ব ফিরে পেতে তিনি জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। পরে হাইকোর্টে রিট করলে আদালত তাঁর পক্ষে আদেশ দেন। গত ৮ জুলাই দায়িত্ব গ্রহণের জন্য চিঠি পেলেও পরবর্তীতে তাঁর স্বাক্ষর ছাড়া পরিষদের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। জনস্বার্থে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতের শরণাপন্ন হয়েছেন এবং দ্রুত সমস্যার সমাধান প্রত্যাশা করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, প্রত্যয়নপত্রসহ নাগরিক সেবা দ্রুত চালু করতে উপজেলা প্রশাসন কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।