জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের হাজী মফিজ উল্লাহ কমিউনিটি সেন্টারে শহীদ মাওলানা আলাউদ্দিন আখঞ্জী ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ কুতুব উদ্দিন আখনজীর সভাপতিত্বে এবং আজিজুল হক নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম বদরুল, গেড়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমগীর, দক্ষিণ কালিশীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন দেব রায়, কালিশীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এসএমসি সভাপতি মুজিবুর রহমান, শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক, রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেহ আখনজী, ছাত্রদল নেতা নবিউর রহমান অপূর্ব, সহকারী শিক্ষক মাসুক মিয়া, হায়দার আলী ও অপূর্ব পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শুভেচ্ছা বক্তব্য দেন শহীদ মাওলানা আলাউদ্দিন আখঞ্জী ফাউন্ডেশনের পরিচালক জসিম উদ্দিন আখঞ্জী হারুন। অনুষ্ঠানে স্থানীয় মুরব্বি আব্দুল জব্বার, আব্দুর রহমান, ফজল আখঞ্জীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ মতিউর রহমানকে অভিনন্দন জানান এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অপরদিকে, সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় শহীদ মাওলানা আলাউদ্দিন আখঞ্জী ফাউন্ডেশনের পরিচালক জসিম উদ্দিন আখঞ্জী হারুনের হাতেও শুভেচ্ছা স্মারক তুলে দেন গোছাপাড়া গ্রামের কৃতী সন্তান ও কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন।
উল্লেখ্য, গত ৪ জুন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন মোহাম্মদ মতিউর রহমান। এর আগে ২০১৮ সালে তিনি চুনারুঘাট উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।