সুনামগঞ্জের জামালগঞ্জে ‘এসো অন্ধকার থেকে আলোর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সাচনা বাজারের ঐতিহাসিক বটতলায় ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট মুরব্বি আব্দুস শহীদ ছবর আলী তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী মিয়া।
এ ছাড়া বক্তব্য রাখেন সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম, কালিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নূরুল হক, উপজেলা বিএনপির সদস্য আলী আক্কাস মুরাদ, ইউনিয়ন বিএনপির সদস্য জালাল উদ্দিন ফারুকী, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন, গণমাধ্যমকর্মী তোফাজ্জল হোসেন, জিয়াউর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, মাওলানা আজিম উদ্দিন, ইকবাল হোসেন, আবুল হোসেন, উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার ইনসান আল মনির, মাসুক মিয়া, ক্ষুদে শিক্ষার্থী রোহন তালুকদার ও আয়ান হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। মাদক নির্মূলে পুলিশ ও জনগণকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়লে দেশ তার কর্মক্ষম ও মেধাবী জনশক্তি হারায়। তাই মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।