কানাডায় বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’ নামে একটি নতুন সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে গত ৯ জুন টরেন্টোর ডেনফোর্থের ‘রেডহট রেস্টুরেন্টে’ টরেন্টোতে অবস্থানরত বিশ্বনাথ উপজেলাবাসীর এক ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যা প্রবাসীদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। কানাডায় বিশ্বনাথ উপজেলাবাসীর উদ্যোগে এটিই প্রথম কোনো সামাজিক সংগঠন। প্রবীণ ব্যক্তিত্ব আরমান আলীর সভাপতিত্বে এবং আব্দুর রহমান খালেদ ও এমদাদুর রহমান মিলাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের প্রবাসীদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আরমান আলীকে আহ্বায়ক এবং সুজন আহমদ সাগরকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রবাসীদের সুষম প্রতিফলন ঘটিয়ে বিশ্বনাথ পৌরসভার হাসমত আলী, মাওলানা ফয়জুল ইসলাম, শাহিন মিয়া, নজরুল ইসলাম, ময়নুল হক, শাহ মো. মিজানুল ইসলাম; লামাকাজী ইউনিয়নের মামুন হুসাইন, মোসাদ্দিক হুসাইন; খাজান্সী ইউনিয়নের শংকর চন্দ্র দাস, আবু বক্কর; অলংকারী ইউনিয়নের ইকবাল হুসাইন, মোস্তাফিজুর রহমান শিপন; রামপাশা ইউনিয়নের বাবুল ইসলাম, সাব্বির আহমেদ রুবেল; দৌলতপুর ইউনিয়নের আবুল হোসেন, মজলু মিয়া, সুজন মিয়া; বিশ্বনাথ ইউনিয়নের সাইফুল ইসলাম শিকদার, ডাঃ শামছুল হক, শাহ্ বুরহান আহমেদ রুবেল, মাহবুল আলম জনি; দেওকলস ইউনিয়নের মধু মিয়া, আবুল কাহের এবং দশঘর ইউনিয়নের এমদাদুর রহমান ও জিয়াউর রহমানকে সদস্য করা হয়েছে।
নবগঠিত এই আহ্বায়ক কমিটি সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়নসহ আনুষঙ্গিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং কানাডায় অবস্থানরত বিশ্বনাথের সকল প্রবাসীদের সংগঠনের ছায়াতলে সম্পৃক্ত করতে কাজ করার পাশাপাশি অচিরেই একটি বৃহৎ পিকনিকের আয়োজন করবেন। এছাড়া সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে সকলের সাথে পরামর্শ করে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবে এই আহ্বায়ক কমিটি। মতবিনিময় অনুষ্ঠানে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক-এর সাধারণ সম্পাদক ও টরেন্টো বাংলাপাড়া ক্লাবের চেয়ারম্যান এম আর আজিজ এবং বিশিষ্ট কমিউনিটি নেতা সবুজ চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’ প্রবাসে নবাগত ও স্থায়ীভাবে বসবাসরত বিশ্বনাথবাসীকে ঐক্যবদ্ধ করতে এবং রেমিট্যান্স যোদ্ধাদের যেকোনো সংকটে পাশে দাঁড়িয়ে মানবিক ও সামাজিক কল্যাণে অনন্য ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলার শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।