ছাতকের ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ভিজিএফ’র চাল আত্মসাৎ, উন্নয়ন প্রকল্পে মহিলা সদস্যদের সম্পৃক্ত না করা এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ এনে ইউনিয়নের দুইজন মহিলা সদস্য লিখিত অভিযোগ দাখিল করেছেন।
রবিবার (০৭ জুন) ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন এর কাছে লিখিত অভিযোগ জমা দেন ভাতগাঁও ইউনিয়নের জালিয়া গ্রামের মহিলা সদস্য সেবিনা বেগম।
অভিযোগপত্রে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন আনুজানী গ্রামের আরেক মহিলা সদস্য শিল্পী বেগম। অভিযোগে ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন-এর বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়, ইউনিয়নের অধিকাংশ কার্যক্রমে মহিলা সদস্যদের সম্পৃক্ত করা হয় না এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তাদের কোনো ভূমিকা রাখা হয় না। এছাড়া সরকারি বরাদ্দের ভিজিএফ চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগও উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, গত ২২ মে ভিজিএফ চাল বিতরণের সময় তাদের নির্বাচনী এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে চাল বিতরণ করা হয়নি। বরং বিতরণ কার্যক্রমে ফটোসেশন করা হলেও প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছেন বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে চেয়ারম্যান আওলাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদেরকে সুবিধা না দেওয়ায় এমন অভিযোগ করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ ষড়যন্ত্র, মিথ্যা ও বানোয়াট।’
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিষয়টি প্রশাসনিকভাবে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।