এবার আর্জেন্টিনাকে অভিশাপ দিলেন ঘানার জনপ্রিয় ওঝা নানা কোয়াকু বনসাম। আলোচিত এই ঝাঁড়ফুক ডাক্তারের ভবিষ্যদ্বাণী- বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করবে টুর্নামেন্টের নবাগত কেপ ভার্দে, আর বিশ্বকাপ জিতবে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল।
গ্রুপ পর্বে ঘানার ম্যাচের আগে হ্যারি কেইনকে অভিশাপ দিয়ে আলোচনায় এসেছিলেন নানা কোয়াকু। তার অভিশাপ কাজে লেগে যায়- গোল পাননি কেইন, ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করে ইংল্যান্ড।
এরপর থেকেই আলোচনায় ঘানার এই ঝাঁড়ফুক ডাক্তার- বাংলাদেশে যাকে বলে কবিরাজ, পির/ফকির, তান্ত্রিক বা ওঝা। সেই নানা কোয়াকু এবার অভিশাপ দিলেন আর্জেন্টিনাকে।
যদিও অনেকেই জাদুবিদ্যায় বিশ্বাস করেন না, তবুও ইংল্যান্ডের বিপক্ষে অভিশাপ কার্যকর হয়েছে বলেই মনে করেন অনেকে।
ঘানা ও ইংল্যান্ডের ম্যাচের আগে বনসাম ঘোষণা করেছিলেন, তিনি হ্যারি কেনকে গোল করতে দেবেন না। ফলাফল—গোলশূন্য ড্র, আর কেইন মিস করেছিলেন কয়েকটি সহজ সুযোগ। ম্যাচ শেষে বনসাম বলেন, তিনি অভিশাপ তুলে নিয়েছেন। তিনি আরও যোগ করেন, “হ্যারি কেইন আমার শত্রু নয়। আমার একটি সন্তান আছে, যার নাম আমি শিগগিরই হ্যারি কেন রাখব।”
নানা কোয়াকু বনসাম এক সাক্ষাৎকারে বলেছেন, “কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করবে।”
গ্রুপ পর্বে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং একবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরোপ সেরা স্পেনকে রুখে দিয়ে বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে কেপ ভার্দে। আটলান্টিক মহাসাগরের ৫ লাখ জনগোষ্টির দেশটি শেষ ম্যাচেও সৌদি আরবকে রুখে দিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ বত্রিশের টিকেট নিশ্চিত করে।
নানা কোয়াকু বনসামের মতে, ফিফা বিশ্বকাপ ২০২৬ জিতবে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল। এটিই তাঁর সবচেয়ে সাহসী ভবিষ্যদ্বাণী। তিনি বলেন, “এই বিশ্বকাপ পর্তুগাল ও ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য। তারা জিতবে।”