অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে আসার মাত্র দুই মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী তাসনিম ঐশী (২২)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের উত্তরে ব্রেটন বে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই গাড়িতে থাকা আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পার্থের বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, নিহত তাসনিম স্থানীয় এডিথ কোওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন। সম্প্রতি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসেন তিনি। আহত অন্য তিন শিক্ষার্থীর নাম লাবিব, বিপুল ও ঈশিতা বলে কমিউনিটি সূত্রে জানা গেছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে পার্থ থেকে প্রায় এক ঘণ্টার পথ ব্রেটন বে এলাকার ইন্ডিয়ান ওশান ড্রাইভে দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে আঘাত করে। দুর্ঘটনার সময় তাসনিম গাড়ির সামনের যাত্রী আসনে ছিলেন।
গাছের সঙ্গে সংঘর্ষে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাসনিম ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। গাড়ির কাছে পৌঁছাতে তাঁদের সড়কের পাশের ভাঙা ডালপালা ও ঝোপঝাড় অতিক্রম করতে হয়। উদ্ধারকারীদের চেষ্টা সত্ত্বেও ঘটনাস্থলেই তাসনিমের মৃত্যু হয়।
গাড়ির চালকসহ অপর তিন আরোহী দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁদের আঘাত গুরুতর হলেও প্রাথমিকভাবে প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে না। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর ইন্ডিয়ান ওশান ড্রাইভের কে ডব্লিউ রোড থেকে জিনজিন ব্রুক রোড পর্যন্ত অংশে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ওই এলাকায় সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়। জরুরি উদ্ধারকাজ শেষে সড়কটি আবার খুলে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি কীভাবে সড়ক ছেড়ে গাছের সঙ্গে ধাক্কা খেল, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে তাসনিমের মৃত্যুর খবরে পার্থের বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তাঁর সহপাঠী ও পরিচিতজনেরা আকস্মিক এ মৃত্যুতে মর্মাহত।
কমিউনিটি সূত্রে জানা গেছে, বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন পার্থ তাসনিমের মৃত্যুতে শোক জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।
মাত্র কয়েক সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয়জীবন শুরু করেছিলেন তাসনিম। নতুন দেশে পড়াশোনা শেষ করে নিজের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সেই পরিকল্পনা পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় শেষ হলো তাঁর জীবন।