নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ এবং এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে বাংলাদেশ হাইকমিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বাংলাদেশ হাইকমিশনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আইওএমের তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার ও মিনিস্টার মিজ শাহানারা মনিকা, মিনিস্টার (লেবার), কাউন্সেলর (কন্স্যুলার), ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) এবং থার্ড সেক্রেটারি (পলিটিক্যাল)।
বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়া অভিবাসন করিডোরকে আরও অভিবাসীবান্ধব করার লক্ষ্যে সহযোগিতার আশ্বাস দেয় আইওএম। বিশেষ করে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষা ও কল্যাণে উভয় পক্ষ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
এ সময় মালয়েশিয়ার বিভিন্ন জেলখানা ও ডিটেনশন সেন্টারে অবস্থানরত বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনি ও কল্যাণমূলক সেবা প্রদানের পাশাপাশি তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য আইওএমের প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠকে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সব পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গঠনমূলক আলোচনা হয়। বিশেষ করে মানব পাচারের শিকার ব্যক্তিদের, বিশেষত নারী ভিকটিমদের উদ্ধার, নিরাপদ আশ্রয়, প্রত্যাবাসন এবং প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের পাশাপাশি এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জোরদারের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।
এ ছাড়া নিরাপদ অভিবাসনের প্রসারের পাশাপাশি মানব পাচার ও অভিবাসী চোরাচালানের ঝুঁকি এবং ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ও আইওএমের যৌথ উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।
এ ধরনের কর্মসূচিতে নিয়োগকারী কর্তৃপক্ষ, কর্মী ও মানব পাচারের শিকার ব্যক্তিদের সম্পৃক্ত করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। এর মাধ্যমে সংশ্লিষ্ট সব অংশীদারের মধ্যে সহযোগিতা ও প্রয়োজনীয় সচেতনতা আরও বৃদ্ধি করা সম্ভব হবে বলে বৈঠকে মত প্রকাশ করা হয়।
উল্লেখ্য, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং অনিয়মিত অভিবাসীদের সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশন আইওএমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।