বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি বৈশাখকে শুধু একটি উৎসব নয়, বরং ঐতিহ্য, সম্প্রীতি ও নবচেতনার প্রতীক হিসেবে তুলে ধরেন।
বার্তায় তিনি উল্লেখ করেন, শতাব্দীর পর শতাব্দী ধরে বৈশাখ বাঙালিদের সংস্কৃতি ও ঐক্যের বন্ধনে আবদ্ধ করে রেখেছে। এই উৎসবের প্রাণবন্ত আবহে মানুষ একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে, উপহার আদান-প্রদান করে এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটায়। অনেকের কাছে এটি আত্মবিশ্লেষণ ও আধ্যাত্মিক সংযোগের সময়, যখন মানুষ প্রার্থনা করে, আশীর্বাদ কামনা করে এবং নতুন বছরের জন্য প্রত্যাশা গড়ে তোলে।
তিনি আরও বলেন, বৈশাখের উদযাপন যেভাবেই হোক না কেন, এর মূলে রয়েছে বাঙালি ঐতিহ্যের সৌন্দর্য, যা মানুষকে একত্রিত করে এবং সম্মিলিত আনন্দের পরিবেশ সৃষ্টি করে। এই ধরনের সাংস্কৃতিক আয়োজন অস্ট্রেলিয়ার শক্তির মূল ভিত্তি—যেখানে বৈচিত্র্য, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বহুসাংস্কৃতিক সাফল্য একসূত্রে গাঁথা।
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায়ের অবদানও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম, স্বপ্ন এবং দেশের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে এই সম্প্রদায় অস্ট্রেলিয়ার সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নতুন বছরের সূচনায় আশা, নবায়ন ও আনন্দের এই সময়টি সবার জীবনে ইতিবাচক প্রেরণা বয়ে আনুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বৈশাখের এই বার্তা কেবল শুভেচ্ছা নয়, বরং বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বাঙালি ঐতিহ্যের স্বীকৃতি ও মর্যাদার প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে।