সুনামগঞ্জের শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অণুপুষ্টি কণার ঘাটতি পূরণের লক্ষ্যে ‘মাল্টিসেক্টোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’ (MAIN) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (UNCC) দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার এফআইভিডিবি (FIVDB) কনফারেন্স রুমে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের উপ-সচিব মোহাম্মদ নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো: জসীম উদ্দিন এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডা. শ্যামল কুমার রায়।
অনুষ্ঠানে ‘মেইন’ প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন ডা. সুবীর খিয়াং বাবু এবং বহুখাত ভিত্তিক পুষ্টির সমন্বয় বিষয়ে উপস্থাপনা প্রদান করেন হাফিজুল ইসলাম। সভায় জানানো হয়, কেয়ার বাংলাদেশ, হারভেস্টপ্লাস সল্যুশনস, আইডিই (iDE) বাংলাদেশ এবং দি হাঙ্গার প্রজেক্ট-এর একটি যৌথ জোট এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো শান্তিগঞ্জসহ দেশের ২১টি উপজেলায় গর্ভবতী নারী ও শিশুদের অণুপুষ্টিকণার অভাব দূর করা, নিরাপদ কৃষি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন (WASH) ব্যবস্থা নিশ্চিত করা।
বক্তারা বলেন, বায়ো-ফর্টিফাইড জিংক ধানের প্রসার এবং গর্ভবতী মায়েদের জন্য মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট (MMS) নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এই লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি সকল বিভাগের নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ইকবাল হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই সভায় আরও বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-এর কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, হারভেস্টপ্লাস সল্যুশনস-এর কান্ট্রি ম্যানেজার ওয়াহিদুল আমিন, কেয়ার বাংলাদেশ-এর প্রতিনিধি ফাতেমা জাহান সীমা এবং আইডিই বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মজিবর রহমান। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ আশা প্রকাশ করেন যে, এই প্রকল্পটি শান্তিগঞ্জ উপজেলার পুষ্টি পরিস্থিতি উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।