সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের বড়গাঙ নদীর রুপচেং এলাকায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে একটি বালুভর্তি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। এছাড়া অপর একটি নৌকার বালু ঘটনাস্থলেই ফেলে রেখে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ভেঙে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযান শুরুর আগে ইউএনও’র গাড়ি দেখতে পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা নৌকা ও সরঞ্জাম ফেলে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।
ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “ফসলি জমি ও নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট করে কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে কেউ অবৈধ বালু উত্তোলনে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদী ও কৃষিজমি রক্ষায় নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।