ইউরোপ যাওয়ার স্বপ্ন।আইইএলটিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা। সেই পরিকল্পনা বাস্তবায়নে বিয়ের আগে কনেপক্ষের কাছে চাওয়া হয় ২০ লাখ টাকা। বিয়ের পর বিদেশযাত্রার চেষ্টা করেও শেষ পর্যন্ত আর পূরণ হয়নি সেই স্বপ্ন। এরই মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন। গড়ায় মামলা পর্যন্ত। স্ত্রীর দায়ের করা ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় অবশেষে গ্রেপ্তার হয়ে সেই স্বামী শ্রীঘরে।
গ্রেপ্তার ব্যক্তি মো. মুক্তাদির রহমান। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাসুরী গ্রামের মানিকুর রহমানের ছেলে। তাঁর স্ত্রী সোনালী আক্তার উপজেলার রাজানগর ইউনিয়নের কাইমা গ্রামের সামছুল হকের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইউরোপের কোনো দেশে বসবাসের উদ্দেশ্যে আইইএলটিএস পরীক্ষায় উত্তীর্ণ হন মুক্তাদির রহমান। স্ত্রীকে সঙ্গে নিয়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা থাকলেও বিদেশ যাত্রার প্রয়োজনীয় অর্থ তাঁর কাছে ছিল না। এ পরিস্থিতিতে বিয়ের আগে কনেপক্ষের সঙ্গে আলোচনা করে বিদেশে যাওয়ার খরচ বাবদ ২০ লাখ টাকা নেওয়ার বিষয়টি সামনে আসে। পরে কাইমা গ্রামের কনে পক্ষের কাছ থেকে ওই টাকা নিয়ে সোনালী আক্তারকে বিয়ে করেন তিনি।
বিয়ের পর সংগৃহীত অর্থ দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে কেয়ার ভিসায় যাওয়ার চেষ্টা করেন মুক্তাদির। তবে শেষ পর্যন্ত কোনো দেশেই তাঁর বিদেশযাত্রার ব্যবস্থা হয়নি। বিদেশে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় এবং দাম্পত্য জীবনের নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও বিরোধ বাড়তে থাকে। একপর্যায়ে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে।
বিদেশযাত্রার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ওই অর্থ ফেরত পাওয়া নিয়েও জটিলতা তৈরি হয় বলে দাবি মুক্তাদির রহমানের পরিবারের।
বর্তমানে মুক্তাদির রহমান দিরাই উপজেলার জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে আদালতে মামলা করেন স্ত্রী সোনালী আক্তার।৬
মামলায় আদালত মুক্তাদির রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার (১৭ নভেম্বর) সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।