আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও নাশকতামূলক তৎপরতার অভিযোগ এনে সিলেটের বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ‘করব কাজ, গড়ব দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে পৌরশহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, যুবদল নেতা ফাহিম শাকিল অপু এবং রুহেল আহমদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি দেন বক্তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের মানুষ আর কোনো স্বৈরতান্ত্রিক শাসন বা সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না। গণতন্ত্র ও সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন।