সিলেটের গোয়াইনঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের আলোচিত সভায় দলীয় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি ওমর ফারুককে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের নিজ গ্রাম লম্বাবাঁক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ওমর ফারুক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি। গত ৮ নভেম্বর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রনজিত চন্দ্র সরকার।
সভাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, রনজিত চন্দ্র সরকার বক্তব্য দেওয়ার সময় তাঁর পেছনে দলীয় ব্যানার হাতে দাঁড়িয়ে রয়েছেন ওমর ফারুক। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পরিচয় নিয়েও আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, রিসোর্টে ওই সভা আয়োজনের ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় পুলিশ বাদী হয়ে রনজিত চন্দ্র সরকারসহ ১৯৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।
এদিকে, গত ১৭ নভেম্বর রাতে জামালগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলা দায়ের করে। ওই মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওমর ফারুক ওই মামলারও এজাহারভুক্ত আসামি।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককে বৃহস্পতিবার ভোরে জামালগঞ্জের লম্বাবাঁক গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জামালগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।