সিলেটের বিয়ানীবাজারে পুলিশের একাধিক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক কারবারি, চোরাই মালামালসহ দুই ব্যক্তি এবং সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলা পুলিশ সুপারের তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাঁরা হলেন পৌর ছাত্রলীগের তারেক আহমদ মুসা (২৫), উপজেলা ছাত্রলীগের এহসান হোসাইন খান (২৪) ও হাবিবুর রহমান খান রাহিম (২৩) এবং দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাক আহমদ খান (৪৬)।
দ্বিতীয় অভিযানে রাত সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪৯টি ইয়াবা ট্যাবলেটসহ মো. ইকরাম আলী (৩৫) ও মো. অলিম (২০) নামের দুজনকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া তৃতীয় অভিযানে চোরাই মালামালসহ জসিম আহমদ (২৭) ও রুবেল প্রকাশ মনা মিয়া (২৬) নামের দুজনকে গ্রেফতার করা হয়। একই রাতে তিলপাড়া ইউনিয়ন থেকে সাজা পরোয়ানাভুক্ত আসামি কবির হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত নয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।