সুনামগঞ্জের ধর্মপাশায় যাত্রীবাহী অটোরিকশা উল্টে ফারজানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দেওয়ানগঞ্জ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারজানা আক্তার উপজেলার সুনই গ্রামের মো. সামাল শাহের স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার দুপুরে ফারজানা আক্তার পাশের বেরিকান্দি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে যাত্রীবাহী অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে বিকেল পৌনে ৫টার দিকে দেওয়ানগঞ্জ মোড়ে পৌঁছালে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার ভেতরে থাকা ফারজানা আক্তার গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।