জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে কম সময়ে অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আগাম জাতের বোরো ধান চাষাবাদ বিষয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে উপজেলার শিমুলবাঁক ও পাথারিয়া ইউনিয়নের ৮০ জন কৃষক আধুনিক ও জলবায়ু সহনশীল বোরো ধান চাষের বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা পেয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) এবং শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশন, জাপানের আর্থিক সহযোগিতায় এনরিচ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
চতুর্থ ব্যাচে পাথারিয়া ইউনিয়নের হাসারচর ও নতুন জাহানপুর গ্রামের ২০ জন নির্বাচিত কৃষক অংশ নেন। এর আগে তিনটি ব্যাচে প্রশিক্ষণ গ্রহণকারী কৃষকদেরসহ শিমুলবাঁক ও পাথারিয়া ইউনিয়নের মোট ৮০ জন কৃষক এ প্রশিক্ষণের আওতায় আসেন।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এসেড হবিগঞ্জের এনরিচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এ এইচ এম আনিসুজ্জামান। তিনি আগাম জাতের বোরো ধান চাষের পরিকল্পনা থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল উপযোগী জাত নির্বাচন, বীজ শোধন ও অঙ্কুরোদ্গম, বীজতলা তৈরি, জমি প্রস্তুত, চারা রোপণ, সার ও পানি ব্যবস্থাপনা, আগাছা দমন, পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণ, বীজ উৎপাদন ও সংরক্ষণ এবং ধান কাটা, মাড়াই ও সংরক্ষণের আধুনিক পদ্ধতি।
প্রশিক্ষক এ এইচ এম আনিসুজ্জামান বলেন, সঠিক সময়ে উপযোগী জাত নির্বাচন, উন্নত চাষাবাদ পদ্ধতি অনুসরণ এবং যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে আগাম জাতের বোরো ধানের উৎপাদন বাড়ানো সম্ভব। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় এসব পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের আধুনিক কৃষিপদ্ধতি গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রশিক্ষণে এনরিচ প্রকল্পের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জামিল হক ও দিপলু সূত্রধরসহ হাসারচর ও নতুন জাহানপুর গ্রামের নির্বাচিত কৃষকরা উপস্থিত ছিলেন।