রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গরুর হাটের বর্জ্যে নাকাল ধর্মপাশা বাজার, দেখার যেন কেউ নেই

সুনামগঞ্জের ধর্মপাশা বাজারে প্রতি বৃহস্পতিবার বসা ঐতিহ্যবাহী গরুর হাটের ময়লা-আবর্জনা ও পশুর বর্জ্যে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, হাট শেষ হওয়ার পর জমে থাকা বর্জ্যের স্তূপ পরিষ্কার করতে দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লেগে যায়। এতে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হওয়ায় স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবারের হাট শেষে পশুর বর্জ্য, খড়কুটো ও নানা ধরনের আবর্জনা বাজারের ভেতরে ও রাস্তার আশপাশে স্তূপ করে রাখা হয়। বাজারে ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় যত্রতত্র আবর্জনা জমে থাকে। ধীরগতিতে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করায় শুক্র ও শনিবার পর্যন্ত বাজারজুড়ে ময়লার স্তূপ পড়ে থাকে, যা পুরো এলাকাকে বসবাস ও চলাচলের অনুপযোগী করে তোলে।

বাজারের কাঁচামাল ব্যবসায়ী রবিনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই ময়লা-আবর্জনার জন্য আমাদের দোকানদারি করতে চরম সমস্যা হয়। হাট শেষ হওয়ার পর দুই-তিন দিন সময় লাগে ময়লা পরিষ্কার করতে।’

আরেক ব্যবসায়ী ফরিদ আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার গরুর হাট শেষ হওয়ার পরও কেন বাজারে ময়লা পড়ে থাকবে? ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান নেই। দোকানের পাশেই ময়লা ফেলে রাখা হয়, অথচ দেখার কেউ নেই।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কাঁচামাল ব্যবসায়ী জানান, শুক্র ও শনিবার দুই দিন ধরে পরিষ্কার করলেও বাজার পুরোপুরি পরিষ্কার হয় না, ফলে তীব্র দুর্গন্ধ ছড়ায়।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, হাট শেষ হওয়ার পরপরই দ্রুত বর্জ্য অপসারণের ব্যবস্থা নিতে হবে এবং বাজারের জন্য একটি নির্দিষ্ট ডাম্পিং স্থান নির্ধারণ করে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বাজার কর্তৃপক্ষের পক্ষে মিঠু চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবারের গরুর হাটের বর্জ্য সাধারণত শুক্রবারের মধ্যেই পরিষ্কার করা হয়। তবে পরিচ্ছন্নতাকর্মীদের কেউ অসুস্থ বা অনুপস্থিত থাকলে মাঝেমধ্যে একটু এদিক-সেদিক হয়।’

এ ব্যাপারে বক্তব্য জানতে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

▐ এই সম্পর্কিত আরো