সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে। দীর্ঘদিন ধরে অবহেলিত এ ইউনিয়ন এবার উন্নয়নের ছোঁয়া পাবে। গ্রামীণ জনপদের উন্নয়ন ত্বরান্বিত করতে বিএনপি সরকার আন্তরিক। এ ইউনিয়নের মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার ১০ নম্বর বাদেপাশা ইউনিয়নের বাগলা শাহী ঈদগাহ বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে দেশের লাখ লাখ কোটি টাকা আত্মসাৎ ও পাচার করা হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। লোকদেখানো যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, সেগুলোতেও ব্যাপক দুর্নীতি হয়েছে। শেখ হাসিনার আমলে গ্রামীণ জনপদে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বিশেষ করে সিলেট-৬ আসন দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ছিল।
তিনি আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সিলেট-৬ আসনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। ইনশাআল্লাহ, বাদেপাশা ইউনিয়ন আর অবহেলিত থাকবে না। এখানকার মানুষ সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা পাবেন। ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন পাঠদানের অনুপযোগী, সেগুলোতে নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করা হবে। বেহাল রাস্তাঘাট সংস্কারের মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা হবে। পাশাপাশি নদীভাঙন রোধেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আশা করছি, এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে এবং এলাকার মানুষ সুফল পাবেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি লুকুছ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া শাহিন, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল গফুর, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক চৌধুরী ও বদরুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, জেলা যুবদল নেতা আব্দুস সাত্তার রুহেল, বিএনপি নেতা খুরশেদ আলম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন আমিন, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক সালাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মহি উদ্দিন, মাস্টার লুৎফুর রহমান, আলাল উদ্দিন আলাল, ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক রাসেল আহমদ নাজির, কালাম আহমদ আশুক ও সিলেট ল' কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না প্রমুখ।
জনসভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরান আহমদ।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাদেপাশা ইউনিয়নে পৌঁছে দিনব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। পরিদর্শন করেন খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছিরগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ, আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসা, আমকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ জালাল একাডেমি, মোল্লারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাইম ব্রিজ, দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাকুয়ার বাজার, কোনাগাঁও-আলমপুর, ডেপুটি বাজার ও শান্তির বাজার।
সন্ধ্যায় বাগলা বাজারের জনসভায় যোগদান শেষে তিনি একটি এতিমখানা, স্কুল ও হাসপাতাল পরিদর্শন করেন। এ ছাড়া আছিরগঞ্জ বাজার থেকে ডেপুটি বাজার পর্যন্ত যাতায়াতের পথে নদীভাঙনকবলিত এলাকাও ঘুরে দেখেন।