সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় এসআই শরীফুল ইসলাম ও এসআই শফিউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় জুবায়ের ইসলাম তুষার (২১), ইয়ার রহমান (২২), মো. মাজহারুল ইসলাম (২১) ও আকাশ মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়।
পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচারে জুবায়ের ইসলাম তুষার ও ইয়ার রহমানকে এক মাস ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও সাত দিন করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অপরদিকে, মাজহারুল ইসলাম ও আকাশ মিয়াকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এদিকে, পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আলী আফজাল (৩৫) নামের একজনকে তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ধর্মপাশা থানার মামলা নং-০৪(১১)২৬-এর এজাহারনামীয় আসামি জিয়াউর রহমান ওরফে জিয়া মিয়া (৪৫) ও মফিজুর রহমান ওরফে মফিজ মিয়াকে (৪৮) তাঁদের বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।