হামিদা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় টানা তৃতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল।
জানা যায়, প্রতি বছরের মতো এবারও গত শনিবার সামাজিক সংগঠন হামিদা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক পর্যায়ের ৫৫টি এবং মাধ্যমিক পর্যায়ের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩২০ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রোববার হামিদা ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক ফয়সল উদ্দিন পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
এ বিষয়ে কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রাজিব দাস জানান, টানা তৃতীয়বারের মতো হামিদা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় তাঁর বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। এ ধারাবাহিক সাফল্যের পেছনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও নিষ্ঠা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।