হবিগঞ্জের নবীগঞ্জে শয্যাশায়ী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের আব্দুস ছালাম (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী গৃহবধূর স্বজন ও স্থানীয়রা তাঁকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
স্থানীয় সূত্রে জানা যায়, চানপুর গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ায় কয়েক দিন ধরে শয্যাশায়ী। এ অবস্থায় তিনি তাঁর ১৬-১৭ বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন। সোমবার রাতে মেয়েটি রান্নার কাজে ব্যস্ত থাকার সুযোগে একই গ্রামের মজনু মিয়ার ছেলে আব্দুস ছালাম (৪০) ঘরে ঢুকে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে কামড়ের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা গেছে।
পরে ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর আগে ভুক্তভোগী ও তাঁর মেয়েসহ স্থানীয়রা ঘটনাটি পুলিশকে অবহিত করেন বলে জানা গেছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।