দেশের বিভিন্ন অঞ্চলের গণ্ডি পেরিয়ে এবার চায়ের দেশ সিলেটে মঞ্চ মাতাতে আসছে যশোরের অন্যতম জনপ্রিয় নাট্য সংগঠন ‘শব্দ থিয়েটার’। আগামী ৩০ ও ৩১ অক্টোবর সিলেট শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুই দিনব্যাপী নাট্যোৎসবে দলটির দর্শকনন্দিত দুটি প্রযোজনা মঞ্চস্থ হবে।
উৎসবে কাহলিল জিবরানের গল্প অবলম্বনে মাস্উদ জামানের নাট্যরূপ ও নির্দেশনায় দর্শনপ্রধান নাটক ‘শয়তান’-এর ১১তম মঞ্চায়ন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ইসমত চুগতাইয়ের গল্প অবলম্বনে নির্মিত নতুন প্রযোজনা ‘ঘোমটা’-এর দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
মানসম্মত ও মননশীল নাট্যচর্চায় বিশ্বাসী ‘শব্দ থিয়েটার’ ইতোমধ্যে দেশের নাট্যাঙ্গনে নিজেদের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছে। দলটির নিয়মিত প্রযোজনা ‘শয়তান’ ইতোমধ্যে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম ও নিজ জেলা যশোরে একাধিকবার মঞ্চস্থ হয়েছে। প্রতিটি প্রদর্শনীতে দর্শকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি নাটকটির প্রতি তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সেই দর্শক চাহিদার ধারাবাহিকতায় এবার সিলেটে বসছে নাটকটির ১১তম মঞ্চায়ন।
অন্যদিকে, নারীজীবনের মনস্তাত্ত্বিক বাস্তবতাকে কেন্দ্র করে মাস্উদ জামানের নাট্যরূপ ও নির্দেশনায় নির্মিত ‘ঘোমটা’ নাটকটির প্রথম মঞ্চায়ন হয় চলতি মাসের ২ অক্টোবর যশোর জেলা শিল্পকলা একাডেমিতে। প্রথম প্রদর্শনীতেই নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে। এতে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঈশিকা সাকিনের অভিনয় দর্শকদের নজর কাড়ে। নির্দেশক মাস্উদ জামানের দক্ষ পরিচালনাও নাটকটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানান।
যশোরে সফল প্রথম মঞ্চায়নের পর এবার সিলেটের দর্শকদের সামনে আসছে ‘ঘোমটা’। সিলেটের মঞ্চে এটি নাটকটির দ্বিতীয় প্রদর্শনী।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ৩০ ও ৩১ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সিলেট শিল্পকলা একাডেমির মিলনায়তনে নাটক দুটির প্রদর্শনী শুরু হবে। নাট্যপ্রেমীদের জন্য টিকিটের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
ডিজিটাল সুবিধার কথা বিবেচনায় রেখে দর্শকদের জন্য অনলাইনে অগ্রিম টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে। আগ্রহীরা ‘শব্দ থিয়েটার’-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে পারবেন।
‘শব্দ হোক যথাযথ, শিল্প হোক মুক্ত’—এই স্লোগানকে সামনে রেখে সুস্থ ও মননশীল নাট্যচর্চা অব্যাহত রেখেছে শব্দ থিয়েটার। আয়োজকদের ভাষ্য, সিলেটের সংস্কৃতিমনা ও নাট্যমোদী দর্শকদের ভিন্নধর্মী এবং সমৃদ্ধ নাট্য-অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই দুই দিনব্যাপী আয়োজন।
নাট্যোৎসবের দুটি প্রদর্শনী উপভোগ করতে সিলেটের নাট্যপ্রেমীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।