সিলেটের বিয়ানীবাজার উপজেলা সাব-রেজিস্ট্রার জয়নাল আবেদীনকে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বদলি করা হয়েছে। তবে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে বিয়ানীবাজারে এখনো নতুন কোনো কর্মকর্তাকে পদায়ন করা হয়নি। এতে গুরুত্বপূর্ণ এ দপ্তরের কার্যক্রম ও জনসেবা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।
একই আদেশে দেশের বিভিন্ন স্থানে কর্মরত মোট ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক (নিবন্ধন) কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, জয়নাল আবেদীনের বদলির খবরে স্থানীয়ভাবে স্বস্তির প্রত্যাশা তৈরি হলেও তাঁর স্থলে নতুন কর্মকর্তা পদায়ন না হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এ পদ শূন্য থাকলে ভূমি নিবন্ধনসংক্রান্ত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা ও সাধারণ মানুষের সেবা প্রাপ্তিতে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জনসেবা স্বাভাবিক রাখতে দ্রুত বিয়ানীবাজারে নতুন সাব-রেজিস্ট্রার পদায়ন করা প্রয়োজন।