সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধ এবং নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোছাব্বির ও হাজী আব্দুস ছোবহান, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক সালা উদ্দিন মিঠু, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. আল আমিন, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সামছুল ইসলাম জাবির এবং শিক্ষার্থী তানিয়া জাহান শ্রাবণী প্রমুখ।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ক্ষতিকর প্রভাব এবং এসব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে এর অপব্যবহারের কারণে অনেক সময় বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সমাজে ভুল বোঝাবুঝি, বিভেদ ও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থাকে।
তাঁরা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সচেতন, দায়িত্বশীল ও গুজবমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জগন্নাথপুরে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।