সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।
অনুষ্ঠানে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইভা এবং রফিকুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিমি বক্তব্য রাখে। তারা তাদের বক্তব্যে কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা এবং বাল্যবিবাহ প্রতিরোধের গুরুত্ব তুলে ধরে।
আলোচনা সভায় কন্যাশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, কন্যাশিশুর বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি তাদের শিক্ষা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।