অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ফেলোশিপ পেয়েছেন দৈনিক সবুজ সিলেটের নবীগঞ্জ প্রতিনিধি এম. এ. আহমদ আজাদ।
সারাদেশ থেকে অনুসন্ধানী সাংবাদিকতায় নির্বাচিত ১০ জন সাংবাদিকের মধ্যে তিনি মফস্বলের চারজন সাংবাদিকের একজন। মফস্বল থেকে নির্বাচিত অন্য তিনজন সাংবাদিক চট্টগ্রাম, খুলনা ও যশোর অঞ্চল থেকে রয়েছেন।
ফেলোশিপ পাওয়ার অনুভূতি জানিয়ে এম. এ. আহমদ আজাদ বলেন, আমার সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় সাফল্য অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পাওয়া। আমার কাছে এটি সোনার হরিণ। জীবনের স্বপ্ন ছিল একবার টিআইবি ফেলোশিপ পাওয়ার। আল্লাহ তায়ালা সেই আশা পূরণ করেছেন। এজন্য তাঁর কাছে শুকরিয়া এবং আমি খুবই আনন্দিত।
তিনি জানান, টিআইবি ফেলোশিপের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন করেছেন। এই অর্জনের পেছনে সবার দোয়া ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।