বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্ত্রীকে ভারতে পাচারের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সিলেটের গোয়াইনঘাটের জাফলং সীমান্ত দিয়ে ভারতে পাচারের আগে ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কথিত মানবপাচারকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং বল্লাঘাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের ভালুকা থানার আওলাতলী গ্রামের আশিকুর রহমান (২৬), নিশ্চাম গ্রামের মো. জহিরুল ইসলাম (২৫), পালগাঁও গ্রামের কাওছার (২৩) ও গোবদিয়া গ্রামের মো. সাগর মিয়া (২৩)।
পুলিশ জানায়, তিন মাস আগে আশিকুর রহমান ওই তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে ভারতে পাচারের পরিকল্পনা করেন তিনি। একপর্যায়ে ভারতের পাচারকারীদের কাছে স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
পরে ভারতে ঘুরতে যাওয়ার কথা বলে স্ত্রীকে জাফলংয়ে নিয়ে আসেন আশিকুর। সেখানে বল্লাঘাট এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন তারা। পরে একই হোটেলে আশিকুরের তিন বন্ধু ওঠেন।
পুলিশের ভাষ্য, পাচারের বিষয়ে আশিকুর ও তাঁর বন্ধুদের কথাবার্তা শুনে ওই তরুণী বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি মোবাইল ফোনে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ হোটেলে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার এবং চারজনকে আটক করে।
এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, জাফলং সীমান্ত দিয়ে ভারতে পাচারের আগেই পুলিশ অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গোয়াইনঘাট সীমান্তে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
ঘটনাটি তদন্ত করে পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।