আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা কমেছে। সেপ্টেম্বর মাসে বিভাগজুড়ে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই সিএনজি অটোরিকশা ও টমটমের চালক-আরোহী।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রবিবার (৪ অক্টোবর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মৌলভীবাজারে। অন্যদিকে সবচেয়ে কম প্রাণহানি হয়েছে সুনামগঞ্জে।
জেলা ভিত্তিক হিসাবে, সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে ৯টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। আর হবিগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিসচার প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণের ত্রুটিকে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন ১০ জন। সিএনজি ও টমটমের চালক-আরোহী নিহত হয়েছেন ১১ জন। এছাড়া ১০ জন চালক এবং দুইজন পথচারী নিহত হয়েছেন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৯ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় একজন নিহত হয়েছেন।
সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ, দুইজন নারী ও দুইজন শিশু রয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন পত্রিকা, দুটি জাতীয় দৈনিকের তথ্য, অনুমোদনহীন বা অপ্রকাশিত ঘটনার তথ্য এবং নিসচার সিলেট বিভাগের বিভিন্ন শাখার তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, আগস্ট মাসে সিলেট বিভাগে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছিলেন। সে হিসাবে সেপ্টেম্বর মাসে দুর্ঘটনা ৯টি, প্রাণহানি ২১ জন এবং আহতের সংখ্যা ৭১ জন কমেছে।