ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের সূচনা করা হয়েছে। ২৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি ১৮ ফুট থেকে ৩৪ ফুটে প্রশস্ত করা হবে। ৩৯৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে বৃহত্তর সিলেটের সঙ্গে রাজধানী ঢাকার সড়কপথের দূরত্ব অন্তত ৪০ কিলোমিটার কমবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর কলেজ মোড়ে সড়কটির নির্মাণকাজ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান। এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সরাইল থেকে নাসিরনগর উপজেলার শেষ সীমানা হয়ে হবিগঞ্জের লাখাই উপজেলার বলভদ্র সেতু পর্যন্ত আঞ্চলিক সড়কটির দৈর্ঘ্য ২৫ কিলোমিটার। বর্তমানে সড়কটির প্রস্থ ১৮ ফুট। ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে ট্রাক, বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তবে সড়কটি সংকীর্ণ হওয়ায় প্রায়ই বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয়। এ কারণে বিদ্যমান ১৮ ফুট সড়কটি ৩৪ ফুট করা হবে।
এদিকে সড়কটি পুনর্নির্মাণ ও প্রশস্তকরণের খবরে এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অনেকে ঢাকঢোল পিটিয়ে অংশ নেন।
সরাইল-নাসিরনগর সড়ক প্রশস্তকরণের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (কুমিল্লা) ও প্রকল্প পরিচালক মোফাজ্জল হায়দার জানান, সরাইল থেকে নাসিরনগর হয়ে বলভদ্র সেতু পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কটি ১৮ ফুট থেকে ৩৪ ফুট প্রশস্ত করা হবে।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩৯৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর ফলে ঢাকার সঙ্গে সড়কপথে অন্তত ৪০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।