মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই সজীব চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের নারায়নছড়া এলাকার মাইজদিহি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ইট সলিং রাস্তায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে জাহাঙ্গীর হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কমলগঞ্জ উপজেলার শিংরাউলী, ঈদগাঁ টিলা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ORIS ব্র্যান্ডের ৮ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসব কার্টনে মোট ৩২ হাজার শলাকা সিগারেট ছিল, যার আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।
এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত হালকা সবুজ রঙের একটি পুরোনো প্রাইভেটকার, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭, জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব বিদেশি সিগারেট বাংলাদেশে আনার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।