মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরে মানবিক কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ৯৬টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন এবং নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মো. শওকতুল ইসলাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা এই সরকারের মূল লক্ষ্য। দেশের এই চলমান উন্নয়ন কর্মকান্ডের ধারা আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এমপি’র প্রতিনিধি মো. মছব্বির আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল জানান, কুলাউড়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ মোট ৯৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পরিবার প্রতি এক বান্ডিল করে ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য নগদ ৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।