রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, ৩৬ বছর পর অবসরে প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য

একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, শিক্ষার্থীদের জীবনের পথও দেখান। দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য। প্রিয় শিক্ষিকার বিদায়বেলায় আবেগ ধরে রাখতে পারেননি তিনি নিজেও। তাঁর কান্নায় অশ্রুসিক্ত হয়ে পড়েন শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও এলাকাবাসী।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে জয়শ্রী ভট্টাচার্যকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নার্গিস বেগম। ব্যবস্থাপনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন রশীদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নমীতা সরকার, কাঠইর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী নুরুল হক নোমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি তাজুল ইসলাম, ছাব্বির আহমদ, এমরান হোসাইন, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল ইসলাম, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, সাবেক ছাত্র দিনার আহমদ, রবিউল হাসান রবি, তোফায়েল আহমেদ ও রুয়েল আহমদ।

স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাহমিদা বেগম। শিক্ষার্থীদের পক্ষ থেকে কবিতা আবৃত্তি করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা বেগম ও ছিদরাতুল মুনতাহা।

বক্তারা বলেন, জয়শ্রী ভট্টাচার্য ছিলেন একজন কৃতী ও নিবেদিতপ্রাণ শিক্ষক। দায়িত্ব পালনে তিনি কখনো অবহেলা করেননি। নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করেছেন। প্রয়োজনের সময় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়াশোনার খোঁজখবরও নিতেন তিনি।

বক্তারা আরও বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে জয়শ্রী ভট্টাচার্য এ এলাকায় জ্ঞানের আলো ছড়িয়েছেন। তাঁর অসংখ্য শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছেন। তাই অবসরে গেলেও তিনি এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীদের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকবেন।

বিদায়ী বক্তব্যে নিজের দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জয়শ্রী ভট্টাচার্য। তিনি বলেন, ‘আমি ১৯৯০ সালে চাকরিজীবনে প্রবেশ করি এবং এই এলাকায় আসি ২০০৮ সালে। তখন সময়টা এত সহজ ছিল না। বন্যা হলে রাস্তা ডুবে যেত। আমি ছিলাম বাগানের মেয়ে, হাওরের জীবন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না।’

তিনি বলেন, ‘বাঁশের তৈরি সাঁকো দিয়ে পার হওয়ার সময় আমার কষ্ট দেখে অনেক শিক্ষার্থী ও অভিভাবক এগিয়ে আসতেন। কেউ আমার ব্যাগ নিয়ে নিতেন, কেউ ছাতা ধরে সহযোগিতা করতেন। আজ এসবই স্মৃতি।’

জয়শ্রী ভট্টাচার্য বলেন, এ এলাকায় তিনি দীর্ঘ ১৮ বছর কাটিয়েছেন। তাঁর অনেক শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। বিদায়বেলায় পরিচিত মানুষ ও প্রিয় শিক্ষার্থীদের মায়াময় মুখগুলো চোখের সামনে ভেসে উঠছে।

এ সময় আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। অশ্রুসিক্ত কণ্ঠে দীর্ঘ শিক্ষকতা জীবনে সহযোগিতা করার জন্য এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রিয় শিক্ষিকার কান্না দেখে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা প্রিয় শিক্ষিকাকে বিদায় জানান। এ সময় তাঁকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান ও গলায় পুষ্পমাল্য পরিয়ে সম্মান জানানো হয়।

পরে শতাধিক উপহারসামগ্রী ও প্রায় ১০-১৫টি কেক কাটার মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা পরবর্তী দুপুরের খাবারের আয়োজন করা হয়। খাবার শেষে সাবেক শিক্ষার্থীদের দেওয়া গাড়িতে করে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সুনামগঞ্জ শহরে নিজ বাসার উদ্দেশে রওনা দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর